ড. ফেরদৌসী ইসলাম বিএসআরআইয়ের নতুন মহাপরিচালক

স্টাফ রিপোর্টার \ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে গত ১০ জুলাই বুধবার কৃষি মন্ত্রণালয় গবেষণা-৩ অধিশাখার আদেশে কৃষি বিজ্ঞানী ড. ফেরদৌসী ইসলামকে প্রতিষ্ঠানটির মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়।
মন্ত্রণালয়ের উপসচিব মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত অফিস আদেশ সুত্রে এই তথ্য জানাগেছে।
জানা যায়, ড. ফেরদৌসী ইসলাম গাজীপুরস্থ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর পরিচালক (সেবা ও সরবরাহ) এর দায়িত্বে ছিলেন। তিনি সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের সদ্যবিদায়ী মহাপরিচালক ড. মো. ওমর আলীর স্থলাভিষিক্ত হলেন।
ফেরদৌসী ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং শেরে-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি দেশের বাইরে পিএইচডি এবং ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি কৃষি গবেষণা ইনস্টিটিউটে থাকাকালীন নিজস্ব গবেষণায় সবজির ৯টি নতুন জাত উদ্ভাবন করেন এবং প্রযুক্তি উন্নয়নে বিশেষ অবদান রাখেন।
তিনি ১৯৯০ সালে পাবনায় কৃষি গবেষণা ফার্মে কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। চাকরি জীবনে তিনি কৃষি গবেষণার বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি আগামী ১৪ জুলাই রবিবার হতে ঈশ্বরদীস্থ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে মহাপরিচালকের দায়িত্ব বুঝে নিবেন।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial