প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল// ভবিষ্যৎতে এমন দুঃসাহস দেখালে বিএনপি-জামায়াতের দোসরদের উচিৎ জবাব দেয়া হবে –মিন্টু

স্টাফ রিপোর্টার // ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক মেয়র  আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু বলেছেন, বিএনপি ও ছাত্রদল ৭৫ এর ঘটনা ঘটানোর হুমকি দেয়। সমাবেশ ঘটিয়ে স্লোগান দিয়েছে, ‘পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’। বিএনপি এই  স্লোগান দেয়ার মাধ্যমে প্রমাণ করেছে পঁচাত্তরে হত্যাকান্ড তারাই ঘটিয়েছে, জিয়াউর রহমানই ঘটিয়েছে। সেটি তারা স্বীকার করে নিয়েছে।
রাজাকার, দেশ বিরোধী, ষড়যন্ত্রকারীদের রুখতে হবে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। ভবিষ্যৎতে এমন দুঃসাহস দেখালে বিএনপি-জামায়াতের দোসরদের উচিৎ জবাব দেয়া হবে। আমাদেরকে জনগনের পাশে থেকে দেশকে উন্নয়নের শীর্ষে পৌছে দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে গত ৪ জুন বিকাল ৫টায় আওয়ামীলীগ কার্যালয় হতে বিক্ষোভ মিছিল শেষে ঈশ্বরদী বাজারের ১নং গেটস্থ মোটর স্ট্যান্ডে অনুষ্ঠিত পথসভায় তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, ‘প্রকৃতপক্ষে দেশের নিজস্ব টাকায় যখন পদ্মা সেতু হয়েছে তখন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া, পলাতক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের মাথা খারাপ হয়ে গেছে। তারা সমগ্র বাংলাদেশে ভিন্ন রকমের একটা পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে যাতে মানুষের মধ্যে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে যে আনন্দ উচ্ছাস বিরাজ করছে তা নষ্ট করা যায়।’
উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের বেশ কয়েকটি সড়ক প্রদিক্ষণ করে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান  আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস।
এসময় উপজেলা কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা চান্না মন্ডল, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসাহক আলী মালিথা, জেলা কমিটির সাবেক নেতা বশির আহমেদ বকুল, উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, জেলা পরিষদের সাবেক সদস্য শফিউল আলম বিশ্বাস, আওয়ামীলীগ নেতা শরিফুল হাসান আরিফ, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জিএস রানা, যুগ্ম আহবায়ক সজিব মালিথাসহ সকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যানসহ সহস্রাধিক আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নায়েব আলী  বিশ্বাস বলেন, ‘স্বাধীনতা বিরোধীদের নিয়ে সমগ্র বাংলাদেশে আবার ২০১৩-১৪-১৫ সালের মতো অগ্নিসন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টাকারী এই বিএনপি-জামায়াতের অপশক্তিকে আমাদের প্রতিহত করতে হবে।
এদেশের আপামর গণমানুষের দল আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে আছে এবং থাকবে। এই বাংলাদেশে যারা নৈরাজ্য সৃষ্টি করেছে, যারা বাংলাদেশকে ধ্বংস করার দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল সেই বিএনপি-জামাত আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। ওরা লাশ চায়, ওরা লাশের রাজনীতি করে, দেশকে অস্থিতিশীল করতে চায়, ওদের রুখতে হবে।’


সমাবেশে অন্যান্য নেতারা বলেন, বিএনপি-জামাতের দোসররা এ বাংলার মাটিতে আবারও পঁচাত্তরের ঘটনা ঘটাতে চায়। তাদের এই দিবা স্বপ্ন কখনো পূরণ হবে না। বিএনপি-জামাত যেখানে নৈরাজ্য সৃষ্টি করবে সেখানেই আওয়ামীলীগ দাঁত ভাঙা প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত রয়েছে।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial