ঈশ্বরদী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি ‘অবৈধ’- সাংবাদিকদের ইফতার মাহফিলে হাবিবুর রহমান হাবিব

স্টাফ রিপোর্টারঃ ঈশ্বরদী প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটিকে অবৈধ ও অগণতান্ত্রিক বলে দাবি করেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে পৌর শহরের পোস্ট অফিস মোড়ে আরআরপি ক্লাউড ভিউ রেস্টুরেন্টে আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ঈশ্বরদী প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাবিবুর রহমান হাবিব বলেন, মাসিক মিটিংয়ের নামে যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, তা সম্পূর্ণ অগণতান্ত্রিক ও অনিয়মতান্ত্রিক। এই কমিটির কোনো বৈধতা বা গ্রহণযোগ্যতা নেই।

তিনি আরও বলেন, প্রেসক্লাব একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। এখানে কোনো দলীয় পরিচয় থাকার কথা নয়। কিন্তু অতীতে জোরপূর্বক কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের ঘটনা ঘটেছে।
বর্তমান পরিস্থিতিতে আগের কমিটিকেই বৈধ দাবি করে তিনি বলেন, আমি এখনো মনে করি ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন এবং সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান। আগের কমিটিই নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করবে।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা মাস্তানি করে আপনাদের অধিকার কেড়ে নিয়েছে, তারা একটি দলের নামধারী ছিল এবং বর্তমানে বহিষ্কৃত। এসব বহিষ্কৃতরা ঈশ্বরদীতে আর প্রভাব বিস্তার করতে পারবে না।

সাপ্তাহিক ‘হ্যালো ঈশ্বরদী’র সম্পাদক আব্দুল্লাহ আল ওমর খান সুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল হক সন্টু সরদার, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, বিএনপি নেতা মাহাবুবুর রহমান পলাশ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আজমল হক ডাবলু, উপজেলা শ্রমিক দল সভাপতি ভাষা প্রামানিক, সাধারণ সম্পাদক ছবি মন্ডল ,পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মামুনুর রশিদ নান্টু, ছাত্রদল নেতা জুবায়ের হোসেন বাপ্পী, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপুল হোসেন বুদু, খোরশেদ আলম দিপু, জালাল প্রমুখ।

এদিকে, প্রেসক্লাবের ৩৮ জন স্থায়ী সদস্যের মধ্যে ২৩ জন নবগঠিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে কমিটির সদস্য আব্দুল্লাহ আল ওমর খান সুমার কমিটি থেকে পদত্যাগ করেছেন।

অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial