জেলহত্যা দিবস পালন, চার নেতাকে স্মরণ
স্টাফ রিপোর্টার // জেলহত্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় প্রামানিক এন্টার প্রাইজের অফিসের উদ্যোগে দরগাপাড়ায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু বলেন, ‘জাতীয় চার নেতাকে হত্যার উদ্দেশ্য ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় ও চেতনা নির্মূল করা। কিন্তু বাংলাদেশের মুক্তিকামী মানুষ সুদীর্ঘ লড়াই-সংগ্রাম আর আত্মত্যাগের বিনিময়ে আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর খুনিচক্র এবং তাদের হত্যার রাজনীতিকে পরাজিত করেছে।’
স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করার পাশাপাশি জাতিকে নেতৃত্বহীন করার লক্ষ্যে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এরই ধারাবাহিকতায় ১৯৭৫ সালের ৩ নভেম্বর স্বাধীনতাবিরোধী চক্র ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করে। ঘাতক চক্রের উদ্দেশ্য ছিল দেশে অগণতান্ত্রিক স্বৈরশাসনের উত্থানের পাশাপাশি নতুন প্রজন্মের চেতনা থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শকে মুছে ফেলা। কিন্তু ঘাতক চক্রের সেই উদ্দেশ্য সফল হয়নি।
জাতীয় চার নেতার আত্মত্যাগ বাঙালি জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে উল্লেখ করে প্রধান অতিথি বলেন, স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্রবিরোধী অপশক্তি এখনও নানাভাবে চক্রান্ত-ষড়যন্ত্রে লিপ্ত আছে। এই অপশক্তির যেকোনও অপতৎপরতা-ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে।
মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে, সব ষড়যন্ত্র মোকাবিলা করে, গণতন্ত্র ও আইনের শাসনের ধারা সমুন্নত রেখে সবাই মিলে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখি-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান আবুল কালাম আজাদ মিন্টু। তিনি জেল হত্যা দিবসে এই সুদৃঢ় অঙ্গীকার নেওয়ার আহ্বানও জানান।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খাঁন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল বাতেন, দাশুড়িয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, পাবনা জেলা পরিষদের সাবেক সদস্য শফিউল আলম বিশ্বাস, ভুমি কর্মকর্তা ইব্রাহিম আলী, আওয়ামীলীগ নেতা বাদশা মালিথা, তারা মালিথা, এ্যাড. ইউসুফ আলী সরদার প্রমুখ।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন মুলাডুলি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও প্রামানিক এন্টার প্রাইজের স্বত্ত¡াধিকারী কামাল হোসেন মিঠু। সভা শেষে সকল শহীদ ও কারাগারে নির্মমভাবে নিহত জাতীয় নেতাদের আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও মোনাজাত করেন দরগাপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা কবির হোসেন।
উল্লেখ্য, জেলহত্যা দিবস পালনে একই দিন সূর্যোদয়ের ক্ষণে ঈশ্বরদী আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করে। সকাল ৭টায় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে আওয়ামীলীগ ও এর অঙ্গ-সহযোগি সংগঠনসমুহ।

