ঈশ্বরদীর মাহাতাব কলোনীতে দুটি বাড়ি পুড়ে ছাই // অর্ধকোটি টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার // ১৪ মে শনিবার ঈশ্বরদীর মাহাতাব কলোনীতে দুটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রতিবেশি ও বাড়ি দুটির মালিকগন।
শনিবার রাত ৩টার দিকে ইমরান হোসেনের ছাগলের ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। ছাগলের চিৎকারে বাড়ির ও আশপাশের লোকজনের ঘুম ভেঙ্গে গেলে আগুন দেখতে পায়। আগুন নেভানোর চেষ্টা শুরু করতে না করতেই পাশের টিনের ঘরে থাকা গ্যাসের সিলিন্ডার বিষ্ফোরিত হয়ে চোখের পলকে তা সারা বাড়ি ছড়িয়ে পড়ে। ৫ মিনিটের মধ্যে পাশের হরমুজ হোসেনের বাড়িও পুড়তে শুরু করে। মহল্লার সকলের প্রায় ঘন্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসলেও ততক্ষণে দুই বাড়ির অবশিষ্ট আর কিছুই থাকেনা। ফায়ার সার্ভিস শেষের দিকে আসলেও রাস্তা না থাকায় আশানুরুপ কাজ করতে পারেনি। ঘিঞ্জি পরিবেশ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়েছে বলে জানান এলাকাবাসীরা।
বাড়ির মালিক ইমরান হোসেন বলেন, দুয়েকের মধ্যেই আমি বাড়ি পাকা করার কাজ শুরু করতাম। তাই টাকা সংগ্রহ করছিলাম। জমি বিক্রির টাকাসহ নগদ ১২ লক্ষ টাকা আলমারিতে ছিল। সেসব টাকা, স্বর্নালংকার, টিভি, ফ্রিজ, কাঠের ফার্নিচার, গবাদিপশুসহ প্রায় ৩৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমার ভাত খাওয়ার থালা পর্যন্ত পুড়ে ছাই হয়ে গেছে। স্ত্রী, সন্তান, মা, বোন নিয়ে আমি চোখে সরষের ফুল দেখছি।
একই অবস্থা পাশের প্রতিবেশি হরমুজ হোসেনেরও। তার মেজো ছেলে রোকন উদ্দিন বলেন, ইমরানদের বাড়ির আগুন নিভাতে নিভাতে নিমিষেই আমাদের বাড়িতে আগুন লেগে গেল। আলমারিতে নগদ ৮০ হাজার টাকা ছিল, সেটিও বের করার সময় পাইনি। ঘরবাড়ি-আসবাবপত্র দেখতে দেখতে ছাই হয়ে গেল। এখনতো একেবারে পথে বসে গেলাম। আমার আনুমানিক ১৫/১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এতোবড় দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো জনপ্রতিনিধি, সরকারের কোনো লোক পাশে এসে দাঁড়ায়নি, সাহায্যের হাত বাড়ায়নি। আমরা সমাজের বিত্তবানসহ সকলের কাছে সহযোগিতা কামনা করছি।

 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial