“একটি শিশুও অভিভাবকহীন থাকবেনা, রাষ্ট্রই তার দায়িত্ব নিবে” –পথশিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ কালে ব্যারিস্টার সৈয়দ আলী জিরু

স্টাফ রিপোর্টার// আওয়ামীলীগ নেতা ব্যারিস্টার সৈয়দ আলী জিরু বলেছেন, আমাদের দেশের অনেক কিছুই পচে গেলেও তরুণদের মানসিকতায় এখনো পচন ধরেনি আর একমাত্র তরুণরাই পারবে এদেশটাকে পরিবর্তন করতে। ওদের মন, চিন্তা ভাবনা এখনো বিশুদ্ধ। এই তরুণদের আত্মত্যাগের মানসিকতা দেশকে বদলে দিতে পারে। প্রতিশ্রুতির এই এক ঝাঁক তরুণরা অসহায় পথশিশুদের নিয়ে যেভাবে কাজ করছে তাতে আমি অভিভূত, মুগ্ধ। প্রতিশ্রুতি পথের পাঠশালাকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি- যেখানে যে অবস্থাতেই থাকি না কেন আমি তোমাদের সাথে আছি এবং থাকবো।


গত ৩০ এপ্রিল শনিবার ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে প্রতিশ্রুতি সেবা উন্নয়ন মূলক সংস্থা ও প্রতিশ্রুতি পথের পাঠশালার সৌজন্যে অসহায় পথশিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিশুদের হাতে ঈদের পোষাক এবং অভিভাবকদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
বাচ্চাদের উদ্দেশ্যে প্রধান অতিথি আরো বলেন- আমি তোমাদের সাহায্য করতে আসিনি। তোমরা ভাল করে পড়ছো, হাতের লেখা সুন্দর করছো সেই জন্য উৎসাহ গিফট দিতে এসেছি। তোমাদের পড়া এবং হাতের লেখা ভালো হলে আমি আরো বেশি বেশি গিফট নিয়ে আসবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন ভাবে রাষ্ট্রকে সাজাচ্ছেন একটি শিশুও অভিভাবকহীন থাকবেনা। রাষ্ট্রই তার দায়িত্ব নিবে। নৈতিকতার অবক্ষয় যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, চেতনা-আদর্শ ধরে রাখতে হবে। তোমরা শুধু পড়ালেখাটা মন দিয়ে করবে। বাকিটা ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা তোমাদের পাশে আছি।


অনুষ্ঠান সভাপতিত্ব করেন প্রতিশ্রুতি পথের পাঠশালার উদ্যোক্তা আসাদুজ্জামান রকিব। এসময় প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সিনিয়র সাংবাদিক এমএ কাদের, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মহসীন, কোষাধ্যক্ষ মিশুক প্রধান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সুব্রত বিশ্বাস, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঈশ্বরদী পৌর ৯নং ওয়ার্ড শাখার সাবেক সভাপতি মহিদুল ইসলাম, সমাজকর্মী হাসিবুর রহমান জয়, ছাত্রলীগ নেতা প্রকৌশলী ইফতেখাইরুল ইমনসহ প্রতিশ্রুতি পথের পাঠশালার সংগঠক ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial