আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি ঘোষণায় ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি:

ফেব্রুয়ারি মাস জুড়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করার প্রতিবাদ জানিয়ে তাৎক্ষণিক বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের হল পাড়া থেকে এই বিক্ষোভ শুরু হয় এবং টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ বলেন, ‘অভ্যুত্থান চলাকালীন লীগের সন্ত্রাসীরা আমাদের শিক্ষার্থী, শ্রমিকদের প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে হত্যা করেছে। কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে খুনিদের বিরুদ্ধে কোনও দৃশ্যমান পদক্ষেপ গ্ৰহণ করতে দেখি নি। তাদের বিচার না করে কেউ কেউ তাদের পুনর্বাসন চালিয়ে যাচ্ছে। কেউ তাদের পরিবারের সদস্য মনে করছে। আবার কেউ তাদের নিষিদ্ধ করতে সমর্থন করেন না। কেউ কেউ ওই খুনি লীগকে আবারও বাংলাদেশে রাজনীতি করার অধিকার দিতে চান যেখানে এখনও তাদের বিচার হয় নি।’

‘আমরা মনে করি এটা ২৪-এর রক্তের সঙ্গে এর চেয়ে বড় বেঈমানি আর হতে পারে না। অনতিবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যেসব সন্ত্রাসীরা জুলাই আন্দোলনে হত্যা করতে মদদ দিয়েছে তাদেরকে গ্ৰেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial