উপাসনালয়ে সিসি ক্যামেরা বাধ্যতামূলক করার দাবি

সম্প্রতি কুমিল্লার ঘটনায় দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পেছনে দায়ীদের আইনের আওতায় আনার পাশাপাশি সব ধর্মীয় উপাসনালয়ে সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন । একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে ‘একেকবার একেক ধরনের পদক্ষেপ’ গ্রহণ করছে বলেও অভিযোগ করেন তিনি।

রবিবার (২৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

দেশকে অস্থিতিশীল করার জন্য গোষ্ঠীটির পাঁয়তারার কথা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, ‘একবার করা হলো হেফাজত নিয়ে, একবার মূর্তি ও ভাস্কর্য নিয়ে, এখন করা হচ্ছে কোরআন অবমাননা নিয়ে; কোরআনকে আল্লাহতায়ালা অধিক সম্মান দিয়েছেন, সেই কোরআন জামায়াত-বিএনপির লোকজন শিবির-ছাত্রদলের ছেলেদের দিয়ে সেই মন্দিরে রেখে এসে তার অবমাননা করেছে।’

সাম্প্রদায়িকতা, উগ্রবাদ ও বর্ণবাদ মানব সমাজের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে তিনি বলেন, ‘এ শত্রুদের প্রতিহত করতে হবে। এজন্য দেশ, অঞ্চল ও বিশ্বের অসাম্প্রদায়িক মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিরোধ গড়ে তুলতে হবে মানুষ ও মানবতার দুষমনদের বিরুদ্ধে। বাংলাদেশে যারা মন্দিরে কোরআন অবমাননা করেছেন, হিন্দুদের পূজামণ্ডপে আক্রমণ করেছে, মূর্তি ভেঙেছে- এদের সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। সব সম্প্রদায়ের ধর্ম পালনের অধিকার নিশ্চিত করতে হবে।

সকল ধর্মীয় উপাসনালয়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করার পাশাপাশি গোল টেবিল বৈঠকে থেকে আরও দাবি জানানো হয় যে, অনতিবিলম্বে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ও এরসঙ্গে জড়িত বিএনপি-জামায়াতের নেতাকর্মী এবং তাদের দোসরদের গ্রেফতারের আওতায় আনতে হবে।

কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে যে কোনও পক্ষের যে কোনও প্রকার প্রতিক্রিয়া বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেওয়াসহ ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি-জামাত চক্র যে গুজব ছড়াচ্ছে তাদের প্রত্যেককে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় এনে যথাযোগ্য শাস্তি প্রদান করারও দাবি জানায় দলটি।

গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মো. ওমর ফারুক, পার্টির অন্যান্য নেতা কাজী মাওলানা আব্দুল কাইয়ুম, হাফেজ কারী মাওলানা আব্দুল মান্নান, মাওলানা মো. তাহেরুল ইসলাম প্রমুখ।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial