কৃষি পুরস্কার থেকে বাদ দেওয়া হলো ‘বঙ্গবন্ধু’
বাংলা ডেস্ক : বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এই পুরস্কারটির নাম হবে ‘জাতীয় কৃষি পুরস্কার’। উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট (সংশোধন) অধ্যাদেশ-২০২৬ এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়া সভায় পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ-২০২৬ এর খসড়া, কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে অধ্যাদেশ-২০২৬, বাংলাদেশ গ্যাস সংশোধন অধ্যাদেশ-২০২৬ ও ডাক সেবা অধ্যাদেশ-২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে।
এদিকে, সভায় বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন অধ্যাদেশ-২০২৬ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন একটি পাবলিক ট্রাস্ট হিসেবে আরবান সেফটি অ্যান্ড রিজেলিয়েন্স ইউএসআরআই বাংলাদেশ গঠনের প্রস্তাব অনুমোদন হয়েছে।

