বুলডোজার দিয়ে ভেঙ্গে ফেলা হলো ঈশ্বরদী আওয়ামী লীগের কার্যালয়
স্টাফ রিপোর্টারঃ গভীর রাতে বুলডোজার দিয়ে ঈশ্বরদীতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভেঙ্গে ফেলেছে | এছাড়া ঈশ্বরদী আলহাজ্ব মোড়ে বিজয় স্তম্ভের পাশে নির্মিত ‘ঘৃণাস্তম্ভ’ ভেঙে ফেলা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শহরের স্টেশন সড়কে ফকিরের বটতলা এলাকায় ছাত্র-জনতা একত্রিত হয়ে আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর ও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। এর আগেও ৫ আগস্ট ছাত্র-জনতা এ কার্যালয়ে ভাঙচুর করেছিল।
এদিকে একই সময় শহরের আলহাজ মোড়ে বিজয় স্তম্ভের পাশে নির্মিত ঘৃণা স্তম্ভও ছাত্র-জনতা ভেঙে ফেলেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ছাত্র-জনতা একত্রিত হয়ে ‘আওয়ামী লীগের কার্যালয় জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, স্বৈরাচারের কার্যালয় জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাওসহ বিভিন্ন স্লোগান দিতে দিতে শহরের স্টেশন সড়কে ফকিরের বটতলা এলাকায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ কার্যালয়ে এসে ভাঙচুর শুরু করে। একপর্যায়ে বুলডোজার দিয়ে সম্পূর্ণ কার্যালয়টি গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর ছাত্র-জনতা আলহাজ মোড়ে গিয়ে বিজয় স্তম্ভের পাশে নির্মিত ‘ঘৃণা স্তম্ভ’ ভেঙে ফেলে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলার আহব্বায়ক বরকত উল্লাহ ফাহাদ বলেন, দেশের কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না ইনশাআল্লাহ। ফ্যাসিবাদের শেষ পরিণতি দেখে কেউ যাতে আর ফ্যাসিবাদ কায়েম করতে সাহস না পায়।
ঈশ্বরদী থানার অফিসার (ওসি) শহীদুল ইসলাম শহীদ বলেন, ঈশ্বরদীতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। নিয়মিত পুলিশের টহল কার্যক্রম অব্যাহত আছে। এছাড়াও সেনাবাহিনী ও র্যবের টহল চলছে।

