সব রাজনৈতিক দল মিলে ‘সমঝোতা পরিষদ’ গড়ে তোলার আহ্বান
বুধবার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে রাষ্ট্র সংস্কার আন্দোলন ও জুলাই ৩৬ ফোরাম ‘অপরাজেয় বাংলা’ আয়োজিত ‘সমঝোতা ব্যতীত সংবিধান সংস্কার কি সম্ভব?’ শীর্ষক সমঝোতা সংলাপে এ আহ্বান জানিয়েছেন তারা।
সভায় লিখিত প্রবন্ধ উপস্থাপন করে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রচার সমন্বয়ক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন বলেন, এই মুহূর্তের একটা বড় রাজনৈতিক প্রশ্ন হচ্ছে— এই সমঝোতা করবে কারা? একটা পক্ষ হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সংবিধান সংস্কার কমিশন যে সুপারিশ করেছে, সেই সুপারিশ থেকে ন্যূনতম ঐক্য বের করে আনা সরকারের জন্য দুষ্কর হয়ে উঠবে। কারণ রাজনৈতিক দলগুলোর সংবিধানের সংস্কার বিষয়ে মৌলিক মতপার্থক্য আছে। এই পার্থক্য মেটাতে প্রয়োজন হবে দলগুলোর মধ্যে মুখোমুখি আলোচনা এবং সমঝোতা।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু দূরত্ব ও ঐক্যে ফাটল দেখা যাচ্ছে। এর সুযোগ নিচ্ছে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ। এই দূরত্ব আরও বাড়তে থাকলে তারা কোনও না কোনও রূপে অবশ্যই ফিরে আসবে। জাতীয় স্বার্থ, গণতন্ত্র রক্ষার প্রশ্নে আমাদের ঐক্য ধরে রাখতে হবে।
এসময় আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, এনডিএমের মহাসচিব মোমিনুল আমিন, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, জুলাই ৩৬ ফোরাম অপরাজেয় বাংলার আহ্বায়ক এম এ এন শাহীন প্রমুখ।

