মব সৃষ্টি যাতে না হয় সেদিকে লক্ষ রাখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘কোনও মব সৃষ্টি বা আইনশৃঙ্খলার অবনতি যাতে না হয় সেদিকে লক্ষ রাখতে হবে।’
শুক্রবার বিকালে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘রমজানে দ্রব্যমূল্য সহনীয় অবস্থায় রাখতে হবে এবং দল-মত নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমার দল সবার সেবক হিসেবে সেবা করতে চায়।’
প্রধান অতিথি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, ‘শুধু একটা দলের নয়, যখন আইশৃঙ্খলা অবনতি হবে, তখন কিন্তু প্রকৃত অপরাধীকে ধরতে হার্ডলাইনে যেতে হবে। এখানে দল-মত দেখার কোনও প্রয়োজন নেই।’
তিনি বলেন, ‘পুলিশের তদন্ত নিরপেক্ষ হতে হবে। কোনও নিরপরাধ ব্যক্তিকে শাস্তি দেওয়া চলবে না। মানুষের নিরাপত্তার প্রশ্নে কোনও দল-মত দেখলে হবে না, প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনতে হবে।’
ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিতে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন– ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
সভায় আরও বক্তব্য দেন– পুলিশ সুপার নজরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বাবায়ক অ্যাডভোকেট মোদাররেছ আলী ইছা, সদস্যসচিব একে কিবরিয়া স্বপন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীসহ সরকারের বিভিন্ন দফতরের উচ্চপদস্থ কর্মকর্তারা।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial