পাঠাগারে বিএসআরআই মহাপরিচালকের বই উপহার
স্টাফ রিপোর্টার \ গত ৮ এপ্রিল সোমবার সকালে ঈশ্বরদীর জয়নগরের স্বপ্নদ্বীপ রিসোর্টে বসুন্ধরা শুভসংঘ পাঠাগারে বই উপহার দিয়েছেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. ওমর আলী।
বসুন্ধরা শুভসংঘের উপজেলা সভাপতি, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেনের হাতে তিনি তাঁর লেখা ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ ও বিএসআরআইয়ের আখের চাষ সম্পর্কিত বিভিন্ন বই তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নদ্বীপ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মো. খায়রুল ইসলাম, স্বপ্নদ্বীপ রিসোর্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ঈশ্বরদী বসুন্ধরা শুভসংঘের সহসভাপতি মুনেম তাজওয়ার অহিন, কালের কণ্ঠ পাবনা জেলা প্রতিনিধি প্রবীর সাহা, ঈশ্বরদী উপজেলা শুভসংঘের নির্বাহী সদস্য আবুল হাসেম, এস এম শিশির মাহমুদ প্রমুখ।
বিএসআরআইয়ের মহাপরিচালক ড. মো. ওমর আলী বলেন, “স্বপ্নদ্বীপ রিসোর্টে বসুন্ধরা শুভসংঘ পাঠাগার স্থাপন চমৎকার একটি উদ্যোগ, যা বইপ্রেমীদের জন্য একটি বিশেষ আকর্ষণ। জ্ঞানের পরিসীমা বৃদ্ধিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে দুই বাংলার জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের সব বই রয়েছে, যা এ পাঠাগারকে সমৃদ্ধ করেছে। আমিও তাঁর একজন পাঠক এবং নিজেও একজন ছোটখাটো লেখক হিসেবে আমার লেখা একটি বই ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ কাব্যগ্রন্থ ও আখের চাষাবাদ সম্পর্কিত কিছু উপহার দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

