নাটোরে মাইক্রোবাস ও অটোরিকশা সংঘর্ষে মা-মেয়ে নিহত

নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরে মাইক্রো ও অটোরিকশা সংঘর্ষে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার লালপুর-বাঘা আঞ্চলিক সড়কের রহিমপুর জামতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লালপুর থানার কর্মকর্তা ওসি নাছিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন—লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের উধনপাড়া এলাকার মাহাবুব আলমের স্ত্রী মোছা. রুবিনা খাতুন ও মেয়ে রোকেয়া খাতুন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়ি থেকে তিন বছরের শিশু রোকেয়া তার বাবা-মার সঙ্গে  চিকিৎসার জন্য বাঘায় যায়। এরপর দুপুরে চিকিৎসা শেষে অসুস্থ্য মেয়েকে নিয়ে অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন মা রুবিনা। এসময় লালপুর-বাঘা আঞ্চলিক সড়কের রহিমপুর জামতলা এলাকায় পৌঁছালে লালপুর থেকে আসা একটি মাইক্রো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক মাইক্রো গাড়িকে আটক করে।
লালপুর থানার ওসি নাছিম আহমেদ  বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইক্রো গাড়ি আটক করে। মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial