‘খালেদা জিয়া ভালো আছেন’

বাংলা ডেস্ক// হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন ভালো। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাত ৮টার দিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন।

দলের চেয়ারপারসনকে বৃহস্পতিবার রাজধানীর এভারকেয়ারে চিকিৎসাধীন অবস্থায় দেখে এসেছেন মির্জা ফখরুল। নিয়মিত সাক্ষাতের অংশ হিসেবেই তিনি এদিন তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পরে রাতে বাংলা ট্রিবিউনকে মির্জা ফখরুল বলেন, ‘ম্যাডাম ভালো আছেন।’

খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে যুক্ত একাধিক দায়িত্বশীল জানান, গত ২৫ অক্টোবর বায়োপসির জন্য ছোট অপারেশন করার পর কিছু সময় আইসিইউতে থাকলেও পরে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। অসুস্থতার জন্য নিয়মিত তাকে মেডিসিন দেওয়া হচ্ছে। সেদিন গুলশানে এক ব্রিফিংয়ে খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, অপারেশনের ফলাফল পেতে অপেক্ষা করতে হবে। এই অবস্থার পরবর্তী আপডেট প্রসঙ্গে জানতে চাইলে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন এ সংক্রান্ত বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

চেয়ারপারসন কার্যালয়ের একটি সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তবে দলের পক্ষ থেকে বরাবরই তার বিদেশে উন্নত চিকিৎসার কথা বলা হচ্ছে।

১২ অক্টোবর বিকালে শারীরিক অবস্থার ফলোআপ করাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরদিন থেকে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial