মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী জাকারিয়া পিন্টু গ্রেফতার
স্টাফ রিপোর্টার // ঈশ্বরদী রেল স্টেশনে ১৯৯৪ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে গুলি ও বোমা হামলা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ঈশ্বরদী পৌর বিএনপি সাবেক কমিটির সাধারন সম্পাদক ও তৎকালীন ছাত্রদলের সাধারন সম্পাদক জাকারিয়া পিন্টু (৫০)কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
শনিবার ২৫ জুন রাতে কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর সকালে ঈশ্বরদীর পাকশী এবং রেলওয়ে স্টেশনে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে বোমা ও গুলিবর্ষনের ঘটনা ঘটে। এ ঘটনায় ২০১৯ সালে ৯জনকে মৃত্যুদন্ড দেন পাবনা আদালত। গ্রেফতার হওয়া জাকারিয়া পিন্টু ঐ মামলার একজন পলাতক আসামী ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামী ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাবের গোয়েন্দা দল।
মৃত্যুদন্ড প্রাপ্ত অন্য আসামীরা হলেন- ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি একেএম আক্তারুজ্জামান (৬০), ঈশ্বরদী পৌরসভার সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মোখলেছুর রহমান বাবলু (৫৭), পৌর যুবদলের সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল (৪০), স্থানীয় বিএনপি নেতা রেজাউল করিম শাহীন (৪৫), শহিদুল ইসলাম অটল (৪৫), আজিজুর রহমান শাহীন ওরফে প্রবলেম শাহীন (৪৬), মাহাবুবুর রহমান পলাশ (৪০), শামসুল আলম (৫৫)।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন- আমিনুল ইসলাম (পলাতক), আজাদ হোসেন খোকন, ইসলাম হোসেন জুয়েল, আলাউদ্দিন বিশ্বাস, শামসুর রহমান শিমু, আনিসুর রহমান সেকম (পলাতক). আক্কেল আলী, রবি (পলাতক), এনাম, আবুল কাশেম (পলাতক), কালা বাবু (পলাতক), মামুন (পলাতক), সেলিম, কল্লোল, তুহিন, শাহ আলম লিটন, আব্দুল্লাহ আল মামুন লিটন, লাইজু (পলাতক), আব্দুল জব্বার, পলাশ, হাকিমুদ্দিন ওরফে টেনু, আলমগীর, আবুল কালাম (পলাতক) ও একেএম ফিরোজুল ইসলাম পায়েল।
১০ বছরের দন্ডপ্রাপ্তরা হলেন- ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেফাউর রহমান রাজু, ঈশ্বরদী পৌরসভার ৭নং ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, বিএনপি নেতা আজমল হোসেন ডাবলু, রনো (পলাতক), বরকত, চাঁদ আলী (পলাতক), এনামুল কবির, মুক্তা, হাফিজুর রহমান মুকুল, হুমায়ন কবির দুলাল, জামরুল (পলাতক), তুহিন বিন সিদ্দিক ও ফজলুর রহমান।

