মারা গেলেন শতবর্ষী অভিনেত্রী

বাংলা ডেস্ক// মারা গেলেন শতবর্ষী অভিনেত্রী স্মৃতি বিশ্বাস। ৩ জুলাই হিন্দি, মারাঠি ও বাংলা সিনেমায় অভিনয় করা এই অভিনেত্রী  ভারতের মহারাষ্ট্রে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (৪ জুলাই) ইনস্টাগ্রামে অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নির্মাতা হংসল মেহতা। লিখেছেন, ‘শান্তি এবং আরও সুখের জায়গায় চলে যান, প্রিয় স্মৃতিজি। ধন্যবাদ আমাদের জীবনকে সমৃদ্ধ করার জন্য।’

জানা গেছে, বার্ধক্যজনিত নানান জটিলতায় তার মৃত্যু হয়। তিনি মহারাষ্ট্রের নাসিক রোডে ছোট্ট একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন স্মৃতি বিশ্বাস। এরপর কাজ করেছেন গুরু দত্ত, ভি শান্তরম, মৃণাল সেন, বিমল রায়, বি আর চোপড়া এবং রাজ কাপুরের মতো কালজয়ী নির্মাতাদের ছবিতে। সহশিল্পী হিসেবে পেয়েছেন দেব আনন্দ, কিশোর কুমার, বলরাজ সাহানির মতো অভিনেতাদের।

বাংলা ছবি ‘সন্ধ্যা’ (১৯৩০) দিয়ে চলচ্চিত্র জগতে অভিষেক হয় স্মৃতি বিশ্বাসের। ১৯৬০ সালের ‘মডেল গার্ল’ ছিল তার সর্বশেষ হিন্দি ছবি। নির্মাতা এস ডি নারাংকে বিয়ের পর সিনেমায় কাজ করা ছেড়ে দিয়েছিলেন তিনি।

স্বামীর মৃত্যুর পরে নাসিক রোডের ফ্ল্যাটে একাই থাকতেন অভিনেত্রী। গত ১৭ ফেব্রুয়ারি ১০০ বছর পূর্ণ করেছিলেন তিনি।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial