জামায়াত প্রার্থীর মৃত্যুতে আপাতত বাতিল হচ্ছে শেরপুর-৩ আসনের নির্বাচন

বাংলা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর-৩ আসনের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে এই আসনের নির্বাচন আপাতত বাতিল হচ্ছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।
তিনি বলেন, শেরপুর-৩ আসনে নির্বাচন আপাতত বাতিল হবে; টার্মিনেট হবে। আরপিওর অনুচ্ছেদ ১৭ অনুযায়ী এটি বাতিল করা হবে। পরবর্তী সমেয় এই আসনের শিডিউল আবার ঘোষণা করা হবে।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর ১ উপধারায় অনুযায়ী, যদি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনও বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করেন, তবে সংশ্লিষ্ট আসনের নির্বাচনি কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল করতে হবে। আইন অনুযায়ী, এ ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই নির্বাচন কমিশন কর্তৃক ‘বৈধ প্রার্থী’ হিসেবে স্বীকৃত হতে হবে। প্রার্থীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচনি কার্যক্রম বাতিলের ঘোষণা দেবেন এবং পরবর্তী সময়ে কমিশন নতুন তফসিল ঘোষণা করবে।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial