রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বুধবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদানসহ যুক্তরাষ্ট্র সফরের সার্বিক বিষয় রাষ্ট্রপতিকে অবহিত করেন।
তিনি সরকারের সার্বিক কর্মকাণ্ড, বিশেষ করে কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণ এবং টিকা প্রদানের মাধ্যমে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গৃহীত কার্যক্রম বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন বলে রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সচিব মুন্সী জালাল উদ্দিন জানান।
রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে তার ৭৫তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বলে জালাল অবহিত করেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসসহ রাষ্ট্রপতির কার্যালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

