পাবনায় মাদকবিরোধী অভিযানে হামলায় আহত ৬, কাউন্সিলরসহ আটক ৩

স্টাফ রিপোর্টার // পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মাদকবিরোধী অভিযানের সময় হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের দুই সদস্যসহ ছয় জন আহত হয়েছেন। এ ঘটনার পর অভিযান চালিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে শহরের রাধানগরের সিংগা প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘বুধবার সন্ধ্যার দিকে সিংগা প্রাথমিক বিদ্যালয়ের পাশে মাদকবিরোধী অভিযান চালান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের লোকজন। এ সময় তাদের আটক করে রাখেন পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান রাজিব ও তার অনুসারীরা। খবর পেয়ে সদর থানা পুলিশ তাদের উদ্ধারে গেলে পুলিশের ওপর হামলা করা হয়। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চার সদস্য ও পুলিশের দুই সদস্য আহত হন। পরে অভিযান চালিয়ে কাউন্সিলর রাজিবসহ তিন জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় কাউন্সিলর আসাদুজ্জামান রাজিব ও তার অনুসারীরা আমাদের আটক করে রাখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ সেখানে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এ ঘটনায় ছয় জন আহত হন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial