নারী ক্রিকেট দলের নতুন দায়িত্বে সুজন

বাংলা ডেস্ক// আগামী চার নভেম্বর দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সফরে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে রুমানা-জাহানারারা। এই সফর দিয়েই তারা দীর্ঘ দুই বছর পর আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামতে যাচ্ছে। জিম্বাবুয়েতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আবার বাছাইয়ের প্রস্তুতিও! এই টুর্নামেন্টের জন্য টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে খালেদ মাহমুদ সুজনকে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী ক্রিকেটের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।

জিম্বাবুয়েতে আগামী ২১ নভেম্বর থেকে শুরু হবে নারী বিশ্বকাপের বাছাইপর্ব। এখানে খেলেই নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের টিকিট কাটতে হবে বাংলাদেশকে। বিদেশি কোচবিহীন দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে বাছাইপর্বের সময়টাতে কাজ করবেন সুজন। বিশ্বকাপ বাছাইয়ে নারী দলের হেড কোচ হিসেবে থাকবেন মাহমুদুল ইমন এবং তার ডেপুটি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নাসিরউদ্দিন ফারুককে।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম ক্রিকবাজকে বুধবার শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ‘আমরা আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের জন্য খালেদ মাহমুদকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব দিয়েছি। আশা করছি, ড্রেসিংরুমে খালেদ মাহমুদের উপস্থিতি দলের খেলোয়াড়দের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে এবং নিজের অভিজ্ঞতা দিয়ে দলকে ভালোভাবে এগিয়ে নিতে পারবে।’

জিম্বাবুয়েতে ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর বাছাইপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। দুটি গ্রুপে ভাগ হয়ে বাছাইপর্বে অংশ নেবে দশটি দল। বাংলাদেশ অবস্থান করছে গ্রুপ ‘বি’ তে। সেখানে তাদের প্রতিপক্ষ-পাকিস্তান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও স্বাগতিক জিম্বাবুয়ে। উদ্বোধনী ম্যাচ দিয়েই পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল। অন্যদিকে গ্রুপ ‘এ’ তে আছে আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, পাপুয়া নিউগিনি, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। ৮ দলের বিশ্বকাপে বাছাইপর্ব থেকে তিনটি দল মূল পর্বে খেলার সুযোগ পাবে। ইতোমধ্যে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক নিউজিল্যান্ড সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial