হঠাৎ মুম্বাই উড়াল দিলেন বাঁধন, উদ্দেশ্য শুটিং
বাংলা ডেস্ক : নেটফ্লিক্সে বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’র টিজার প্রকাশের পর বাঁধন-জ্বরে ভুগছে বাংলাদেশ। শিগগিরই এটি উন্মুক্ত হচ্ছে বিশ্বের নামজাদা এই ওটিটি প্ল্যাটফর্মে। তবে তার আগেই ঢাকা থেকে হঠাৎ মুম্বাইয়ে উড়াল দিলেন এই অভিনেত্রী।
না, ‘খুফিয়া’র প্রমোশন প্ল্যানে অংশ দিতে নয়, আবার নতুন কোনও প্রজেক্টও নয়। বাঁধন ফের যুক্ত হচ্ছেন ‘খুফিয়া’র শুটিং ফ্লোরে। কারণ, তার আরও দু’দিনের শুটিং বাকি!
মুম্বাই থেকে বললেন, ‘রিলিজ ডেট দুই তিন দিনের মধ্যে চূড়ান্ত হবে। এরমধ্যে আমাকে জরুরি কলে আসতে হলো। এখানে দুদিনের শুটিং বাকি আছে।’
অনেকেই জানেন, আলোচিত এই ছবির কাস্টিং নিয়ে নানা আলোচনা-সমালোচনার ঢেউ উঠেছিল গত আগস্ট-সেপ্টেম্বরে। দেশের অনেক শীর্ষ অভিনেত্রী বিশাল ভরদ্বাজের মতো বলিউড জয় করা জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতার এই প্রস্তাব ফিরিয়েছেন! কারণ হিসেবে প্রত্যেকেই বলার চেষ্টা করেছেন, ‘এই চরিত্রটি খুবই সেনসিটিভ। বিশেষ করে বাংলাদেশ তথা দেশপ্রেমের প্রেক্ষাপটে।’ সেজন্যই প্রস্তাবটি লোভনীয় হলেও তারা ফেরাতে বাধ্য হয়েছেন। কিন্তু কানফেরত ‘রেহানা’ ঠিকই কাছে টেনে নিলেন বিশালকে।
গত সেপ্টেম্বরেই রেহানা মরিয়ম নূর ওরফে মুসকান জুবেরী নাম লেখালেন সরাসরি বলিউড খাতায়! তাও আবার টাবুর মতো অভিনেত্রীর সঙ্গে! বিশাল-টাবুর সঙ্গে ইউনিট শেয়ার করা প্রসঙ্গে বাঁধন বলেন, ‘ছবিতে আমার চরিত্র একজন বাংলাদেশি মেয়ের। এটা একটা বই অবলম্বনে তৈরি হচ্ছে। বাট ফিকশনাল ক্যারেক্টারও আছে। ডেফিনেটলি আমার চরিত্রটা খুবই ভালো লেগেছে। ওটা না হলে তো করতাম না। এ ধরনের চ্যালেঞ্জিং চরিত্রই আমি এখন খুঁজছি। এটাও তেমনই। এটা অস্বীকার করার উপায় নেই, বিশালের মতো ডিরেক্টরের সঙ্গে কাজ করার জন্য বলিউডের বড় বড় স্টাররাও মুখিয়ে থাকেন।’
কিন্তু ছবিটিতে বাঁধনের চরিত্রটি আসলেই কতটা নেতিবাচক কিংবা দেশের বিপক্ষে কতটুকু যাবে; সে বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ। প্রশ্ন ছিল, ছবিটি মুক্তির তো বেশি দেরি নেই। সমালোচনার জবাব দিতে প্রস্তুতি কেমন নিলেন। তাছাড়া টিজার প্রকাশের পর আপনার প্রতি দর্শকদের আগ্রহটাও বেড়েছে কয়েকগুণ! ফলে মুক্তির পর সেটির প্রতিধ্বনিটাও আসবে সেই মাপে। জবাবে বাঁধন বলেন, ‘রিলিজের আগেই যদি এই প্রশ্ন করেন, তাহলে তো হলো না। তাছাড়া এই বিষয়টি নিয়ে কিছু বলতে চাই না আমি। আগে রিলিজ হোক। মানুষ দেখুক। একটি সিনেমার একটি চরিত্রে অভিনয় করার মানে তো অপরাধ কিছু নয়। অভিনয় তো অভিনয়ই। সেই চরিত্রটি আমি কতটা প্রপারলি পোট্রে করতে পেরেছি, সেটাই হোক সমালোচনার বিষয়।’

