পরলোকে বিশিষ্ট কৃষিবিদ ড. সমজিৎ পাল
স্টাফ রিপোর্টার// বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিউটের পরিচালক (গবেষণা), ছড়াকার, লেখক, সাংবাদিক ও বিশিষ্ট বিজ্ঞানী ড. সমজিত কুমার পাল (৫৮) পরলোক গমন করেছেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে ঢাকায় এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কিছুদিন যাবত তিনি হৃদরোগে ভুগছিলেন। শনিবার (১ জানুয়ারী) দুপুরে রাজশাহী মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২টি সন্তান রেখে গেছেন।
শনিবার (১ জানুয়ারী) ভোরে ঢাকা থেকে তাঁর মরদেহ প্রথমে বিএসআরআই-এ আনা হয়। মহাপরিচালক এবং ড. সমজিতের অকৃত্তিম বন্ধু ড. আমাজাদ হোসেনের নেতৃত্বে বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তাঁর সহকর্মীদের আহাজারিতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
এসময় পাবনা প্রথিতযশা সাংবাদিক আব্দুল মতিন খান এবং ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
ড. সমজিৎ পালের মৃত্যুতে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি, পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নূরুজ্জামান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু এবং ঈশ্বরদী প্রেসক্লাব গভীর শোক প্রকাশ, বিদেহী আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদানা জানিয়েছেন।

